আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান; সুরক্ষিত সকল প্রাণ” স্লোগানকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় উল্লেখিত কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বর্তমান স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। বিশেষ করে হাম রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং সার্বিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) কার্যক্রম আরও শক্তিশালী করার মাধ্যমে শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা প্রতিকারের চেয়ে প্রতিরোধের প্রতি অধিক গুরুত্বারোপ করেন।
সভায় স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সকল প্রাণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, উপ-পরিচালক,স্থানীয় সরকার,জনাব মৌসুমী মাহবুব; সিভিল সার্জন, মুন্সীগঞ্জ জনাব ডা. কামরুল জমাদ্দার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর; বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রতিনিধিগণ এবং জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

