Nabadhara
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বর্ষবরণ ঘিরে যশোরে উৎসবের আগাম আমেজ

যশোর প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

বাংলা নববর্ষকে বরণ করে নিতে যশোর শহরজুড়ে বইছে উৎসবের আগাম হাওয়া। সাংস্কৃতিক আবহে জেগে উঠেছে পুরো শহর। দিন-রাত ব্যস্ত সময় পার করছেন জেলার সাংস্কৃতিক কর্মীরা।

শহরের বিভিন্ন প্রান্তে চলছে মুখোশ তৈরি, নাচ-গানের মহড়া এবং নাটকের প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে তৈরি হচ্ছে পেঁচা, বাঘ, পাখি, সূর্য, গাছ ও রাজা-রানিসহ নানা লোকজ প্রতিকৃতি। বাঁশ, কাগজ, কাপড় ও রঙের সমন্বয়ে তৈরি এসব শিল্পকর্মে ফুটে উঠছে পরিবেশ রক্ষা, সম্প্রীতি ও মানবিকতার বার্তা।

এবার যশোরের প্রায় ৩০টির বেশি সাংস্কৃতিক সংগঠন নববর্ষ উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে। চারুতীর্থ যশোরের শিক্ষক নীলজয় জানান, এবারের শোভাযাত্রার মূল ভাবনা ‘প্রকৃতি’। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের এই সময়ে মানুষকে সচেতন করতেই আমরা প্রকৃতিনির্ভর প্রতিকৃতি তৈরি করছি।”

সংস্কৃতিকর্মী সীমান্ত হরি বলেন, “প্রস্তুতির কাজ প্রায় শেষ। কিছু বড় আইটেমের ফিনিশিং বাকি আছে। আশা করছি এবারের আয়োজন আরও বর্ণিল হবে।”

চারুতীর্থ যশোরের সাধারণ সম্পাদক সজল ব্যানার্জী বলেন, “প্রতিটি উপস্থাপনায় আমরা পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরবো। প্রকৃতি ধ্বংস হলে মানবজাতিও হুমকির মুখে পড়বে—এই বার্তাই দিতে চাই।”

বর্ষবরণ শোভাযাত্রার অন্যতম উদ্ভাবক মাহবুব জামাল শামীম বলেন, “এবারের প্রতিপাদ্য ‘নিত্য নতুনের অমৃতধারা’। আমরা চাই এটি হোক অরাজনৈতিক, সর্বজনীন একটি উৎসব, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবে।”

যশোরে বাংলা নববর্ষ উদযাপনের রয়েছে দীর্ঘ ঐতিহ্য। ১৯৮৫ সালে চারুপীঠের উদ্যোগে এখানেই প্রথম ‘আনন্দ শোভাযাত্রা’ শুরু হয়, যা পরবর্তীতে সারাদেশে ছড়িয়ে পড়ে এবং ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে।

এবারের নববর্ষ (১৪৩৩) উদযাপনে জেলার ৩০টির বেশি সংগঠন শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। উদীচী, বিবর্তন, ব্যাঞ্জন, তির্যক, পুনশ্চ, চাঁদের হাট, সুরবিতানসহ বিভিন্ন সংগঠনে চলছে মহড়া। পাঁচ শতাধিক সাংস্কৃতিক কর্মী এই আয়োজন সফল করতে কাজ করছেন।

উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খাঁন বিপ্লব জানান, “পৌর উদ্যানে সকাল ও বিকালে দুই দফায় অনুষ্ঠান হবে। আমরা চাই সবাই অংশগ্রহণ করুক।”

নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও প্রস্তুত। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সিসিটিভি নজরদারি জোরদার করা হয়েছে, যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়।

বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক—এই বিশ্বাস নিয়েই যশোরে চলছে বর্ণিল বর্ষবরণ প্রস্তুতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।