Nabadhara
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে কর্মচারীর বিরুদ্ধে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি মোবাইল ফোনের দোকানের কর্মচারীর বিরুদ্ধে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাওনা টাকা চাইতে গেলে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোর অভিযোগও করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী সয়ন চৌধুরী। তিনি পৌরসভার পশ্চিম বালিঘাটা মহল্লার বাসিন্দা এবং তিনমাথা সুপার মার্কেটের ‘চাঁদনী টেলিকম’ নামের দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

লিখিত বক্তব্যে সয়ন চৌধুরী জানান, ২০২৪ সালের মে মাসে জয়পুরহাট সদরের দড়িপাড়া গ্রামের রেজুয়ান হোসেন রাব্বীকে দোকানের কর্মচারী হিসেবে নিয়োগ দেন। গত প্রায় এক বছরে হিসাব-নিকাশে ব্যাপক গরমিল ধরা পড়ে। অভ্যন্তরীণ অডিটে দেখা যায়, মোবাইল সেট বাবদ ২৪ লাখ ৪৯ হাজার ৭৬৮ টাকা এবং এক্সেসরিজ বাবদ ৫ লাখ ৪৫ হাজার ৮৮৯ টাকাসহ লভ্যাংশ ও নগদ মিলিয়ে মোট ৫৮ লাখ ৯৫ হাজার ৮৭৮ টাকা আত্মসাৎ করা হয়েছে।

তিনি আরও বলেন, হিসাবের গরমিল ধরা পড়ার পর গত আগস্টে রাব্বী দোকান থেকে পালিয়ে যান। পরে গত ১০ মার্চ সাক্ষীদের উপস্থিতিতে তাকে খুঁজে পেলে তিনি টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেন। তবে টাকা ফেরত চাইলে তিনি উল্টো হুমকি দিতে শুরু করেন।

সয়ন চৌধুরীর অভিযোগ, রাব্বীর এক জ্যাঠাতো ভাই পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই) হওয়ায় সেই প্রভাব দেখিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় এজাহার দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি। বর্তমানে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রেজুয়ান হোসেন রাব্বী বলেন, “দোকান মালিক আমার কাছে ৪০-৪২ হাজার টাকা পাবে। এর বেশি টাকার দাবি সম্পূর্ণ মিথ্যা। আমি তার দোকানে আর কাজ করতে চাই না। আমাকে জোর করে আটকে রাখতে চায়। আমি কোনো টাকা আত্মসাৎ করিনি।”

তিনি আরও বলেন, “আমার পরিবারের সঙ্গে পুলিশের কারও জমি সংক্রান্ত বিরোধ থাকতে পারে, কিন্তু এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমিও আইনগত ব্যবস্থা নেব।”

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, “বিষয়টি আমার জানা আছে। তবে এ ঘটনায় থানায় মামলা নেওয়া সম্ভব নয়। অভিযোগকারীকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।