রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনা বিভাগে দিন দিন বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিনই নতুন করে উপসর্গ নিয়ে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, যা জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৪ জন রোগী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, শীতের পরবর্তী সময়ে সংক্রামক রোগের প্রকোপ বাড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত (তিন মাস সাত দিনে) খুলনা বিভাগের ১০ জেলা ও সিটি করপোরেশন এলাকায় মোট ৩৬২ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কুষ্টিয়ায়। জেলাটিতে এখন পর্যন্ত ১০৯ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় চারজনের মৃত্যু হয়েছে।
জেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, যশোরে নতুন তিনজনসহ মোট ৭৬ জন, বাগেরহাটে নতুন ১৭ জনসহ মোট ২১ জন, চুয়াডাঙ্গায় নতুন দুজনসহ আটজন, ঝিনাইদহে নতুন চারজনসহ ছয়জন আক্রান্ত হয়েছেন। খুলনা জেলায় মোট চারজন এবং খুলনা সিটি করপোরেশন এলাকায় নতুন ছয়জনসহ মোট ৬৮ জন রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া মাগুরায় নতুন ১০ জনসহ মোট ৪৫ জন, মেহেরপুরে নতুন দুজনসহ ১২ জন, নড়াইলে ২১ জন এবং সাতক্ষীরায় নতুন পাঁচজনসহ মোট ১৩ জন রোগী পাওয়া গেছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় খুলনা ও নড়াইল জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবর রহমান জানান, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে প্রতিদিনের তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। প্রতিদিন বিকেল সাড়ে ৫টার পর এ তথ্য ঢাকায় পাঠানো হয়।
তিনি আরও বলেন, আক্রান্তের দিক দিয়ে কুষ্টিয়া, যশোর এবং খুলনা সিটি করপোরেশন এলাকা বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

