সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বাগেরহাট জেলাকে নিরাপদ রাখতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে বাগেরহাট জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাগেরহাট সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির অংশ হিসেবে মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে হামের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার এবং জুনিয়র কনসালটেন্ট (শিশু রোগ বিশেষজ্ঞ) ডা. শিহান মাহমুদ।
এছাড়াও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আল মামুন, আল ইমরান, ইমরান হাওলাদার বাবু, শাহরুখ হাওলাদার, ওয়ালিদ শেখ, গাজী রিয়াজুল ইসলাম, ঋতিক হালদার রোহিত, ইমন শেখ, রিজভী গাজী, কাইফ সরদার, আব্দুল্লাহ সরদারসহ আরও অনেকে।
শিশু বিশেষজ্ঞ ডা. শিহান মাহমুদ বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমেই এ রোগ প্রতিরোধ সম্ভব। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”
আরএমও তাপস কুমার সরকার জানান, “হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা জরুরি।”
জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন বলেন, “বর্তমানে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের সচেতন করতে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং প্রতিটি শিশুর টিকা নিশ্চিত করতে হবে।”

