মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশের তরুণ পর্বতারোহী তানভীর আহমেদ জয় শুরু করেছেন এক ব্যতিক্রমী ও দুঃসাহসিক বৈশ্বিক অভিযান—বিশ্বের ১৯৫টি দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়। “Mission 195 Peaks – Bangladesh” নামে এই উচ্চাভিলাষী উদ্যোগের মাধ্যমে তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে উঁচুতে তুলে ধরার স্বপ্ন দেখছেন।
এই অভিযানের সূচনা হয়েছে দেশের পাহাড় জয় করার মধ্য দিয়ে। ১৮ জানুয়ারি ২০২৬, রাত ১২টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশের অনানুষ্ঠানিকভাবে সর্বোচ্চ শৃঙ্গ সাকা হাফং জয় করেন।
এরপর ২০ জানুয়ারি বিকাল ৪টা ৪২ মিনিটে দেশের সরকারি স্বীকৃত সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং বিজয় করে আনুষ্ঠানিকভাবে তার বৈশ্বিক মিশনের যাত্রা শুরু হয়। দুর্গম বান্দরবানের পাহাড়ি পথে টানা প্রায় ৩৫ ঘণ্টায় ৮৫ কিলোমিটার ট্র্যাকিং করে এই অর্জন সত্যিই অনন্য।
দিনাজপুরের বিরামপুর উপজেলার সন্তান তানভীর আহমেদ জয় বর্তমানে ঢাকার সরকারি তিতুমির কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট দিয়ে তার যাত্রা শুরু হলেও, ছোটবেলা থেকেই পাহাড় তাকে আকর্ষণ করত। দেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম এবং প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদারের সাফল্যের গল্প তাকে অনুপ্রাণিত করেছে।
তানভীর আহমেদ জয় জানান, “২০২১ সাল থেকে আমি নিয়মিত প্রশিক্ষণ ও কঠিন ট্রেকিংয়ের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছি। আমার লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বিশ্বের ১৯৫টি দেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করা। এখন পর্যন্ত এই ধরনের পূর্ণাঙ্গ কোনো বৈশ্বিক মিশন কেউ আনুষ্ঠানিকভাবে শুরু করেনি। আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সেই ইতিহাস গড়তে চাই।”
তার এই মিশনের অংশ হিসেবে ইতোমধ্যে ১টি দেশের শৃঙ্গ জয় সম্পন্ন হয়েছে এবং সামনে রয়েছে আরও ১৯৪টি দেশের চূড়া। পরবর্তী লক্ষ্য হিসেবে তিনি শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিরিগালপোত্তা জয়ের পরিকল্পনা করেছেন।
এছাড়াও, তিনি আগামী তিন বছরের মধ্যে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার লক্ষ্য নিয়েছেন এবং দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে এভারেস্ট জয় করতে চান।
তরুণ এই অভিযাত্রীর ভাষায়, “আমার লক্ষ্য একটাই—বাংলাদেশের পতাকাকে বিশ্বের প্রতিটি দেশের সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় তুলে ধরা।”
এই দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল অভিযানে সফল হতে তিনি সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্পন্সরদের সহযোগিতা কামনা করেছেন। তার বিশ্বাস, যথাযথ সহায়তা পেলে এই স্বপ্ন শুধু তার ব্যক্তিগত অর্জনেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাংলাদেশের জন্য বয়ে আনবে নতুন গৌরব।

