যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় মাদক সেবনের পর মাতলামি করার দায়ে হাফিজুর খাঁ (৩৫) নামে এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
দণ্ডপ্রাপ্ত হাফিজুর খাঁ উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আজগার আলী খাঁ’র ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল ১০টার দিকে চেঙ্গুটিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনের পর প্রকাশ্যে মাতলামি করে জনশৃঙ্খলা বিনষ্ট করার দায়ে হাফিজুর খাঁকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৫(৫) ধারায় তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, মাদক সেবনের পর জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে এ দণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

