Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর মামলার জেরে মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি

ফেনী প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে স্ত্রীর দায়ের করা মামলার হাত থেকে বাঁচতে কৃষকদল কর্মীকে জড়িয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ তোলার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

অভিযোগকারী টমটম চালক কামাল উদ্দিনের স্ত্রী, তিন সন্তানের জননী কামরুন নাহার দাবি করেছেন—তিনি ফ্যামেলি কার্ড কী তা জানেন না, এমনকি যাকে জড়িয়ে অভিযোগ করা হয়েছে সেই কৃষকদল কর্মী সেন্টুকেও তিনি চেনেন না। স্বামীর কাছে পাওনা টাকা চাওয়ায় তার ওপর নির্যাতন চালানো হয় এবং পরে মামলা করায় ক্ষিপ্ত হয়ে স্বামী এ ধরনের অভিযোগ ছড়িয়েছেন বলে তিনি দাবি করেন।

ঘটনাটি উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামের রমজান আলী মেম্বার বাড়িতে ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০০৯ সালে কামাল উদ্দিনের সঙ্গে চরমজলিশপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবদুল হকের মেয়ে কামরুন নাহারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে। একপর্যায়ে স্ত্রীর পরিবার কামালকে বিদেশে পাঠায়। দেশে ফিরে আসার পর স্ত্রী কামরুন নাহার আত্মীয়দের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা ধার করে স্বামীকে একটি টমটম কিনে দেন।

কয়েক মাস আগে ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশও হয়। গত ৫ এপ্রিল রাতে কামরুন নাহার তার ভাই-বোনকে নিয়ে টাকা চাইতে গেলে স্বামী কামাল উদ্দিন তাকে মারধর করেন বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় কামরুন নাহার বাদী হয়ে ৭ এপ্রিল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ওই মামলার জেরে ক্ষিপ্ত হয়ে কামাল উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষকদল কর্মী সেন্টুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বক্তব্য দেন বলে অভিযোগ উঠেছে।

বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে বৃহস্পতিবার রাতে কারামতিয়া বাজারে সংবাদ সম্মেলন করে কৃষকদল কর্মী সেন্টু, কামরুন নাহার ও তার ভাই এ অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ধর্ষণ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ তারা পাননি। তবে ৭ এপ্রিল কামরুন নাহার বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ধারণা করা হচ্ছে, ওই মামলার কারণেই ক্ষুব্ধ হয়ে কামাল উদ্দিন এমন অভিযোগ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।