দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার শিক্ষার্থীর পরিবার ও স্বজনরা জানিয়েছেন, ওই শিক্ষার্থী সকালে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর গভীর রাতে বিদ্যালয়ের গেইটের তালা খুলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী শিক্ষার্থী ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তিনি বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর গ্রামে নানা বাড়িতে থেকে পড়াশোনা করতেন। তার গ্রামের বাড়ি মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়া এলাকায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানিয়েছেন, ওই শিক্ষার্থীর শরীরে ধর্ষণের আলামত মিলেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত।
এবিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম

