রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভূজনিয়া–বরইতলা খাল দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে পানিপ্রবাহে মারাত্মক বাধার সৃষ্টি করেছিল।
এতে স্থানীয় জনজীবন ও কৃষি ব্যবস্থায় দেখা দেয় চরম দুর্ভোগ। সেচ সংকট, খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া এবং মশার উপদ্রব বেড়ে যাওয়ায় বিপাকে পড়েন এলাকাবাসী।
এমন পরিস্থিতিতে খালটি পুনরুদ্ধারে এগিয়ে আসেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মিল্টন হোসেন মুন্সি। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের নির্দেশনায় তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে খাল পরিষ্কারের উদ্যোগ নেন।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে শুরু হওয়া এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দা, বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ফলে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি খালে নেমে কচুরিপানা অপসারণে শ্রম দিতে দেখা যায় বিএনপি নেতা মিল্টন মুন্সিকে। তার এই অংশগ্রহণ এলাকাবাসীর দৃষ্টি কাড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মো. মিল্টন হোসেন মুন্সি বলেন, “এমপি হেলাল ভাইয়ের নির্দেশনায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমিও নিজে শ্রম দিয়েছি।
ইনশাআল্লাহ ভবিষ্যতেও এলাকার মানুষের জন্য এ ধরনের কাজ অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি বন্ধ হয়ে থাকায় কৃষি ও দৈনন্দিন জীবনে ব্যাপক সমস্যা হচ্ছিল।
খাল পরিষ্কারের এই উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেন এবং আশা করেন, স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে ও কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।

