যশোর প্রতিনিধি
আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর যশোর সফরকে ঘিরে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। এ লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় গত মার্চ মাসের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলতে কাজ করছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৃহীত প্রস্তুতিও সভায় পর্যালোচনা করা হয়। জনস্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে শহরের সিসি ক্যামেরা সচল রাখা, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম বাড়ানো এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নজরদারি বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে।
একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং জোরদার এবং মাদক ও অপরাধ দমনে সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

