আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ ছহিল উদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ ও অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ রুহুল আমিন, সাবেক উপাধ্যক্ষ মোঃ আব্দুস সবুরসহ অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ প্রভাষক সুশীল মন্ডল, সুবোধ চক্রবর্তী ও গাজী আঃ কুদ্দুছ।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষের পত্নী তানিয়া গুলশানারা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকের পত্নী জেসমিন নাহার, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রভাষক জাকির হোসেন ভুট্টো ও প্রভাষক শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছহিল উদ্দিন তার কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং উপস্থিতদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে তাকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয় এবং তার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করা হয়।

