হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির একটি থ্রি-টন ট্রাকের ধাক্কায় রোমান (২১) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল–যশোর মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় সড়কে যানবাহনের চাপের মধ্যে দ্রুতগতিতে আসা বিজিবির একটি ট্রাক পেছন দিক থেকে সাইকেল আরোহী রোমানকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। ঘটনাটি ঘটার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত রোমানকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির ট্রাকটি (নং সুনামগঞ্জ-উ-১১-০০০২) সদর দপ্তর থেকে পুটখালী সীমান্তের দিকে জনবল নিয়ে যাচ্ছিল। ট্রাকটি চালাচ্ছিলেন ল্যান্স নায়েক আজগর আলী।
নিহত রোমান বেনাপোল এলাকার সুমন শেখের ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনাও বিরাজ করছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

