মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড। সোমবার দুপুরে ভোলা হতে ঢাকাগামী লঞ্চে একটি অসুস্থ শিশু (৬ মাস) কে সেবা প্রদান করা হয়।
সোমবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার জনৈকা এক মহিলা তার অসুস্থ শিশু (৬ মাস) কে নিয়ে উন্নত চিকিৎসার জন্য এম ভি কর্ণফুলি -৩ লঞ্চ যোগে ভোলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লঞ্চটি দুপুর ১টায় মোহনপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেনের অভাবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ লঞ্চে উপস্থিত শিশুর দাদা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ বিষয়টি অবগত করেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে দ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং শিশুটিকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে।
তিনি আরও বলেন, পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের বোট যোগে সদরঘাটে আনা হয় এবং সিভিল অ্যাম্বুলেন্স যোগে মা ও শিশু হাসপাতাল, শ্যামলীতে পৌঁছে দেওয়া হয়।

