স্টাফ রিপোর্টার, নড়াইল
‘ইলিশের বাড়ি, চাঁদপুর’,এমন আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে স্বল্প মূল্যে ইলিশ মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের আকাশ শেখ (২০), মোল্যা ওরফে অনিক (২২), একই উপজেলার পাইকাড়া গ্রামের লিমন শেখ (২১) এবং লিমন মোল্যা (২২)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’ ও ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ নামে ফেসবুক পেজ খুলে চটকদার বিজ্ঞাপন দিয়ে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ সরবরাহের কথা বলে একটি চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এ ধরনের প্রতারণার শিকার হয়ে এক ভুক্তভোগী নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের কাছে অভিযোগ দায়ের করেন।
পরে পুলিশ সুপারের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি অন্যের নামে নিবন্ধিত সিম ও ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

