কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার উপকূলীয় অঞ্চল কয়রা উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ওপর। বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ও রাতের গুরুত্বপূর্ণ সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। পরীক্ষার সময় চলমান থাকায় এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। অনেক শিক্ষার্থী নিরবচ্ছিন্ন পড়ার পরিবেশ না পেয়ে মানসিকভাবে চাপে পড়ছে।
অভিভাবকদের অভিযোগ, লোডশেডিংয়ের কারণে তাদের সন্তানরা নিয়মিত পড়াশোনা করতে পারছে না, যা পরীক্ষার ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা বলেন, পরীক্ষার সময় অন্তত সন্ধ্যা ও রাতের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি।
এ পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

