প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৯:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২২, ৬:২৯ অপরাহ্ণ
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাকে মারধর

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মোঃ শফিউদ্দিন ফকির(৭৮) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর করে গুরুতর আহত করেছে তারই প্রতিপক্ষ আমির হোসেন ফকির (৩৫) ও তার লোকজন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বুজুগোর্কোনা বাজারে এ ঘটনা ঘটে।
আহত বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন ফকির বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। সে বুজুগোর্কোনা গ্রামের মৃত নেছারউদ্দিন ফকিরের ছেলে ও সাবেক সেনা সদস্য।
জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন ফকিরের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের আবু তালেব ফকিরের ছেলে আমির হোসেন ফকিরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে ঘটনার দিন সন্ধ্যায় বুজুগোর্কোনা বাজারে বসে আমির হোসেন ফকির তার লোকজন নিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন ফকিরকে মারধর করে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন ফকির বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আমি ঔষধ ক্রয়ের জন্য বুজুগোর্কোনা বাজারে গেলে আমির হোসেন ফকির আমাকে দেখে অকথ্য ভাষায় গালমন্দ করে। এ সময় আমি প্রতিবাদ করলে আমির হোসেন ফকিরের নির্দেশে ইজাবুল ফকির ও মকবুল ফকির আমাকে মারধর করে।
এ বিষয়ে আমির হোসেন ফকিরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার চাচাতো ভাই ইজাবুল ফকির ও মকবুল ফকির বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন ফকিরকে মারধর করেছে। ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।
ইজাবুল ফকির বলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন ফকির সম্পর্কে আমার চাচা হয়। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তার সাথে আমাদের একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। তাকে আমরা মারধর করিনি।
কোটালীপাড়া থানার এসআই আব্দুল রাজ্জাক খান বলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন ফকির মারধরের অভিযোগ এনে নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত চলছে। তদন্তে শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.