নাটোরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। বিভিন্ন শস্য উৎপাদনে নিয়মিত প্রণোদনা পাচ্ছেন দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। কৃষিতে শ্রম সংকটের নিরসনে পঞ্চাশ শতাংশ ভর্তুকি মূল্যে হারভেস্টর, পাওয়ার থ্রেসারসহ প্রয়োজনীয় কৃষি যন্ত্র প্রদান করা হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আর প্রশিক্ষণ প্রদানের ফলে কৃষির উৎপাদন বেড়েছে বহুগুণে। স্মার্ট হচ্ছে কৃষি। এর ফলে বৈশ্বিক খাদ্য সংকটের ঝুঁকি কখনো আমাদের দেশকে স্পর্শ করবে না।
” সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুননাহার কাজল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহানসহ জনপ্রতিনিধিবৃন্দ
। অনুষ্ঠানে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের জন্য সরিষা, গম, ভুট্টা, মসুর, খেসারী ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং বিভিন্ন প্রকার সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় উপজেলার মোট পাঁচ হাজার ১০০ জন কৃষকের মাঝে প্রায় ৫৫ লক্ষ টাকার প্রণোদনার বীজ ও সার বিনামূল্যে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.