মাসুদ রানা, চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় দীর্ঘ ২১ ঘণ্টার টানা অভিযানে রহস্য উদঘাটন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হত্যা মামলার প্রধান আসামি মোঃ কামাল মীরাকে।
রবিবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, জানান, গত ১১ জুলাই শুক্রবার সকাল ১১টায় মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় না মিললেও পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, নিহতের নাম মোঃ হাবিব উল্লাহ (৫০)। তিনি পুটিয়ারপাড় এলাকার মনোয়ারা বেগম মনুর স্বামী। পরিবারের পক্ষ থেকে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয় (এফআইআর নং-১৮, ধারা-৩০২/২০১/৩৪)।
মামলার পর সহকারী পুলিশ সুপার খায়রুল কবিরের তত্ত্বাবধানে ওসি রবিউল হক, পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল এবং সঙ্গীয় ফোর্স নারায়ণগঞ্জের বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ কামাল মীরাকে (৫৫) গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত হাবিব উল্লাহর সঙ্গে ৩-৪ মাস আগে নারায়ণগঞ্জে এক চায়ের দোকানে কামাল মীরার পরিচয় হয়। দ্বিতীয় বিয়ে করতে চাওয়া কামালকে হাবিব এক মেয়ে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে ১০ হাজার টাকা নেয়। ঘটনার দিন তারা একসাথে মতলব উত্তর এলাকায় আসে এবং রাত ১১টার দিকে গোপালকান্দি স্কুলসংলগ্ন পুকুরপাড়ে গিয়ে কথা বলার এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়।
এসময় কামাল হাবিব উল্লাহকে তলপেটে আঘাত করে এবং পানিতে চুবিয়ে হত্যা করে। পরে আত্মগোপন করলেও প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
চাঁদপুর জেলা পুলিশের এ সফল অভিযানে জেলাবাসী সন্তোষ প্রকাশ করেছে। পুলিশ সুপার জানান, দ্রুতই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।

