আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সদস্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবাদে ছাত্র-জনতা। হত্যাকাণ্ডের বিচার দাবিতে জুলাই বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কুলিয়ারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিনের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুলিয়ারচর শপিং কমপ্লেক্স হয়ে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ফয়সাল আহমেদ রাজিব, ছাত্র প্রতিনিধি ফাহিম আহমেদ, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী আরিফুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মশিউর রহমান মুহসিন, কিশোরগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন তপু, কিশোরগঞ্জ জেলা যুবশক্তির সংগঠক প্রিন্স আসিফ ইকবাল, উপজেলা যুব অধিকারের সভাপতি এম. আর. হৃদয় এবং খেলাফত মজলিসের নেতা ইকবাল হোসেন হাবিবী।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক আপসহীন কণ্ঠস্বর। তাঁকে প্রকাশ্যে গুলি করে হত্যার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমনের অপচেষ্টা চালানো হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এ সময় কিশোরগঞ্জ জেলা যুবশক্তির সদস্য সচিব মো. মাহমুদুল হক, কুলিয়ারচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ নাঈম, সামাজিক সংগঠন নিরাপদ কুলিয়ারচরের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ শাবিবসহ ও বিপ্লবী ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ কর্মসূচির শেষ পর্যায়ে শরীফ ওসমান হাদীসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.