ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ধর্মীয় কটূক্তির অভিযোগে সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) ধারাবাহিক অভিযান চালিয়ে প্রথমে ৭ জনকে এবং পরবর্তীতে আরও ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)। নতুন করে গ্রেফতার তিনজনের পরিচয় এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি।
র্যাব সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযুক্তদের শনাক্ত করা হয়। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে হামলার নেপথ্যের মূল কারণ উদ্ঘাটনে কাজ চলছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় কর্মরত দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির অভিযোগ ওঠে। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে এবং মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুন ধরিয়ে দেয়।
নিহত দিপুর পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা এবং মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
র্যাবের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.