মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭টি দোকান আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে কামালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে।
আগুনে শাহাবুদ্দিনের হার্ডওয়্যার দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল, দেলোয়ারের কাঠের দোকানের প্রায় ১৫ লাখ টাকা, কামালের ডেকোরেটর দোকানের প্রায় ১৫ লাখ টাকা, আবুল কালামের চায়ের দোকানের প্রায় ১০ হাজার টাকা এবং কামালের মুদি দোকানের প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ পেয়ে সিরাজদিখান থানার পুলিশের টহল দল, সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১২টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে। আগুনে সাতটি টিনশেড দোকানে রক্ষিত টিন, কাঠ, ডেকোরেশন সামগ্রী ও হার্ডওয়্যার পণ্য ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আশপাশের অনেক দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.