নোয়াখালী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নোয়াখালীর তিনটি সংসদীয় আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
নোয়াখালী-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নোয়াখালী-৩ আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং নোয়াখালী-৪ আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত তার কার্যালয়ে বিপুল সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা পর্যায়েও মনোনয়নপত্র গ্রহণ করা হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, নোয়াখালী জেলায় সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য মোট ৮৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.