মেহেরপুর প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মেহেরপুর জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেহেরপুরের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকের আবহ বিরাজ করে। নেতাকর্মীরা দলে দলে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির সদস্য, মেহেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মাসুদ অরুনের কাছে। মাসুদ অরুন সবাইকে শোকের কালো ব্যাজ পরিয়ে দেন।
পরে মেহেরপুর কমিউনিটি সেন্টারের সামনে শোকার্ত নেতাকর্মীদের নিয়ে মাসুদ অরুন আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেন এবং দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনসারুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন আপসহীন নেত্রীকে হারালো। শোক সমাবেশে তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.