বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে নবনির্মিত লঞ্চঘাট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লঞ্চঘাটটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. এম সাখায়েত হোসেন বলেন, “নৌ-যোগাযোগ ব্যবস্থা টেকসই উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখে। আমাদের নদীগুলো আমাদের ঐতিহ্যের বাহক ও জীবনের অংশ। নদীকে বাঁচিয়ে রাখতে হবে। আশা করি দুর্গাপাশা লঞ্চঘাট চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে। নদীনির্ভর এই জনপদের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, উপদেষ্টা পরিষদের সচিব মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি আধুনিক লঞ্চঘাটের অভাবে তাদের যাতায়াত কঠিন ও ঝুঁকিপূর্ণ ছিল। নতুন লঞ্চঘাট চালু হওয়ায় এখন নিরাপদ ও সহজে নদীপথে যাতায়াত করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে উপদেষ্টা ড. এম সাখায়েত হোসেন লঞ্চঘাটের সার্বিক অবকাঠামো পরিদর্শন করেন এবং দুর্গাপাশা ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা দেখা করেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.