দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের সঙ্গে অভিমান করে পায়রা সেতু (লেবুখালী ব্রিজ) থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয় জেলে ও সেনাসদস্যদের তাৎক্ষণিক প্রচেষ্টায় অলৌকিকভাবে জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া কলেজছাত্রীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিবিএ (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা ও বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত সেনাসদস্য সজিবের সঙ্গে তানজিলার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন বিকেলে মোবাইল ফোনে কথা বলার সময় তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও মতবিরোধ হয়। এরই একপর্যায়ে ক্ষোভ ও অভিমানে তিনি পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তানজিলাকে নদীতে ঝাঁপ দিতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে লেবুখালী সেনানিবাসের দায়িত্বে থাকা সেনাসদস্যরা দ্রুত বিষয়টি নজরে আনেন। পরে জেলেদের নৌকার সহায়তায় তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে তাকে নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাকে লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, উচ্চতা থেকে পড়ার কারণে তিনি কিছুটা আঘাত পেয়েছেন, তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছেছে এবং শিক্ষার্থীর পরিবারকে অবহিত করা হয়েছে। পরিবারের সদস্যরা দুমকির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.