জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দল মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশর সোমবার (২ ফেব্রুয়ারি) আশাশুনি প্রেস ক্লাবে আশাশুনি উপজেলার জন্য নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেছেন।
বেলা ১১.৩০ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমপি প্রার্থী রবিউল বাশর ও আসন পরিচালক জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান ৪০ দফা নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পাঠ করেন। পরিকল্পনায় উপজেলায় টেকসই বেড়ীবাঁধ নির্মাণ, কোলন-ঘোলা-কল্যানপুর ত্রিমোহনায় ৩ নোজ ব্রিজ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ৪০টি খাল খনন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় শতাধিক রাস্তা ও সড়ক নির্মাণ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও মডেল মহিলা মাদ্রাসা নির্মাণ, হাসপাতাল উন্নয়ন, নদী ও খেয়াঘাট নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
পরিকল্পনায় আরও রয়েছে সাইক্লোন শেল্টার নির্মাণ, যুবকদের কারিগরি প্রশিক্ষণ, কৃষি ও মৎস্য চাষ উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, ক্রীড়া সংস্থার কার্যক্রম সচলকরণ, প্রেস ক্লাব ও জিমনেশিয়াম নির্মাণ, গৃহহীন মানুষের গৃহ নির্মাণ এবং বাজার, রাস্তা ও অন্যান্য সরকারি অবকাঠামোর উন্নয়ন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রবিউল বাশর ও জেলা জামায়াত নেতৃবৃন্দ। এছাড়া কালিগঞ্জ উপজেলাকে কেন্দ্র করে পরিকল্পনার খসড়া তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, খেলাফত মজলিশ সেক্রেটারী মুফতি জাহিদ আব্দুল্লাহ, জামাত নেতা নূরুল আফছার মোর্তজা, অধ্যক্ষ আঃ গফফার, এডভোকেট আঃ সোবহান মুকুল, এবিএম আলমগীর পিন্টু, প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।

