মনিরামপুর (যশোর) প্রতিনিধি
“সীমানার গণ্ডি পেরিয়ে শব্দের সেতুতে খুঁজি প্রাণের যোগ”—এই শ্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া গ্রামে সাহিত্যপত্র ‘মুক্তবাক মশিয়াহাটী’-এর ডিসেম্বর সংখ্যার মোড়ক উন্মোচন ও দুই বাংলার লেখকদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২ ফেব্রুয়ারি )বিকেলে মণীন্দ্র–পদ্মাবতী স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে গ্রন্থাগারের নিজস্ব আঙিনায় শ্রীমতি পদ্মাবতী দেবীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়।
মশিয়াহাটী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিশান্ত মণ্ডলের সভাপতিত্বে এবং কবি ও লেখক মিলন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও পত্রিকার মোড়ক উন্মোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার নটরডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ, পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট সাহিত্যিক ও রাজনীতি বিশ্লেষক সুকৃতিরঞ্জন বিশ্বাস এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুকান্ত বিশ্বাস।
বক্তারা বলেন, প্রান্তিক জনপদে জ্ঞান ও সাহিত্যের এই ধরনের চর্চা আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। মুক্তবাক মশিয়াহাটীর মতো ছোটকাগজগুলোই মূলত নতুন দিনের সাহিত্যিকদের প্রাণশক্তি জোগায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও নাট্যব্যক্তিত্ব নিত্যজিৎ বিশ্বাস, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কবি হরিদাস মজুমদার, প্রভাষক ও গল্পকার কনার মণ্ডল এবং শিক্ষক ও সাংবাদিক উৎপল বিশ্বাস। এছাড়াও এলাকার বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক ও বিপুল সংখ্যক সাহিত্যামোদী গুণিজন এ মিলনমেলায় অংশ নেন।
আলোচনা শেষে স্বর্গীয়া পদ্মাবতী দেবীর স্মরণে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন গ্রন্থাগারের তত্ত্বাবধায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক পরিতোষ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মাতৃভোজ। এতে অংশগ্রহণ করে অনুষ্ঠানের প্রতি সংহতি প্রকাশ করেন যশোর-৫ (মনিরামপুর) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আলহাজ শহীদ মো. ইকবাল হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.