পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবিতে নওগাঁর পত্নীতলা উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান বেতন কাঠামো বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে সরকারি কর্মচারীদের জীবনযাপন আরও দুর্বিষহ হয়ে উঠবে। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী নয়ন চন্দ্র পোদ্দার, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. মোয়াজ্জেম হোসেন, হেড অ্যাসিস্ট্যান্ট কাম একাউন্ট্যান্ট মো. আলমগীর কবির, নামজারি সহকারী মো. সোহেল রানা প্রমুখ।

