আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
উন্নয়ন সংগঠন রূপান্তরের উদ্যোগে মানব পাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য একটি প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।
প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। শিক্ষার্থীরা শপথ নেন মানব পাচার ও নির্যাতনকে অপরাধ হিসেবে গণ্য করার, শিকারদের সম্মান প্রদর্শন ও স্বনির্ভরতার লক্ষ্যে সহযোগিতা করার জন্য।
শপথ গ্রহণের পর বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা “স্বাক্ষরে প্রতিবাদ, মানব পাচার নিপাত যাক” প্রতিপাদ্যে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য মানব পাচার বিষয়ক ভিডিও ডক্যুমেন্টারি প্রদর্শন করা হয়। কার্যক্রমের দ্বিতীয় পর্বে “মানব পাচার একটি অপরাধ—প্রতিরোধ আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম আব্দুর রকিব আল মেহেদী প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাতক্ষীরা বরাবরই মানব পাচারের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা। প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ এ জেলার বিভিন্ন এলাকা থেকে বিদেশে যায় এবং তাদের অনেকেই অসচেতনতার কারণে প্রতারণার শিকার হয়। তিনি উল্লেখ করেন, স্কুল পর্যায়ে এই ধরনের সচেতনতা ক্যাম্পেইন শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার বিষয়ে সচেতনতা তৈরি করবে এবং তারা তাদের পরিবার ও আশপাশের মানুষকে বিষয়টি জানাতে পারবে।
চিত্রাংকন প্রতিযোগিতায় ফাহিম আহম্মেদ, মোঃ সিয়াম, নুসাইবা মুশতারী, সোনিয়া খাতুন ও আশা খাতুন এবং কুইজ প্রতিযোগিতায় মিজবাউল আরেফিন, ফাহিম হোসেন, সাহিব হোসেন, বিলকিস খাতুন ও নুসাইবা মুশতারী বিজয়ী হন।
প্রচারণায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক রওশানারা, সুজায়েত আলি, রাম প্রসাদ বিশ্বাস, গোলাম কুদ্দুস, শিখা রানী রায়, আব্দুল ইসলাম, জাহানারা খাতুন, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকগণ এবং আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দিপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ মাহাবুবুর রহমান আকন্দ ও সিটিআইপি সদস্য সালমা আক্তার উপস্থিত ছিলেন।

