পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের পক্ষে শাপলা কলি ও ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে নির্বাচনী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার(২ ফেব্রুয়ারি )সন্ধ্যার আগে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে ভোটের গাড়িতে উঠে স্থানীয়দের উদ্দেশে ভোট ও গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান।
পদযাত্রার শুরুতে সজীব ভূঁইয়া বলেন, “আমরা ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সুশাসন, প্রয়োজনীয় সংস্কার এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে পদযাত্রা শুরু করেছি। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানাতেই এই কর্মসূচি। আমাদের পদযাত্রা কক্সবাজার থেকে শুরু হয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পঞ্চগড়ে পৌঁছেছে।”
তিনি আরও বলেন, “পঞ্চগড়-১ আসন তথা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ এলাকায় ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম আমাদের সবার প্রিয়। এখানে জেলা জামায়াতের আমীর, ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সবাই একত্রে মাঠে নেমেছি। আমরা সারজিস আলম ভাইয়ের শাপলা কলি প্রতীকে ভোট চাইবো এবং সাধারণ মানুষের কাছে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাবো। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন।”
পরে তিনি পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় বাজার এলাকায় পথসভায় যোগ দিতে নেতাকর্মীদের সঙ্গে যাত্রা শুরু করেন।
নির্বাচনী পদযাত্রায় শাপলা কলির ভোটের গাড়িতে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম, জেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইনসহ জামায়াত ও এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.