বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি সবসময় গণমানুষের রাজনীতি করে এসেছে। ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ, সব স্তরে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েই বিএনপির রাজনীতির পথচলা এগিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন আলাল। বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় তিনি ধানের শীষ প্রতীকের তাৎপর্য, উন্নয়ন রাজনীতি ও দলীয় আন্দোলনের নানা দিক তুলে ধরেন।
ধানের শীষকে আল্লাহর রহমতের প্রতীক উল্লেখ করে আলাল বলেন, লাঙল দিয়ে জমি চাষ করা যায়, দাঁড়িপাল্লা দিয়ে মাপা যায়—এসব প্রতীক মানুষ তৈরি করতে পারে। কিন্তু একটি ধানের শীষ মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। আল্লাহর ইচ্ছা ছাড়া একটি ধানও জন্মায় না। তাই ধানের শীষ আল্লাহর রহমতের প্রতীক।
নিজের সংসদ সদস্য থাকার সময়কার উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সময় বরিশাল-৩ আসনে দৃশ্যমান উন্নয়ন হয়েছিল। এরপর দীর্ঘ সময়েও উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি। জনগণ সুযোগ দিলে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন আবারও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আলাল।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিরোধী আন্দোলনের কারণে তাঁর বিরুদ্ধে ৪৮৫টিরও বেশি মামলা হয়েছিল। এসব মামলার প্রতিটিই উচ্চ আদালতে পরিচালনা করেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলোর আইনি লড়াইও তিনি নীরবে চালিয়ে গেছেন দলের স্বার্থে।
ধর্মীয় সম্প্রীতি ও শিক্ষা বিস্তারে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে আলাল বলেন, বেগম খালেদা জিয়ার উদ্যোগে দেশে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে মসজিদভিত্তিক শিক্ষা চালু হয়। পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার ক্ষেত্রেও বিএনপি ভূমিকা রেখেছে।
জনসভায় জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-৩ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.