Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কৃষিভিত্তিক কিশোরগঞ্জকে শিল্পাঞ্চলে রূপান্তরের ঘোষণা ডা. শফিকুর রহমানের

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সব ধরনের চোরাগলি বন্ধ করে দেওয়া হবে। জনগণের ভোটাধিকার রক্ষায় কেউ বাধা দিলে তাকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কটিয়াদী সরকারি কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, তার ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টভাবে নিষ্পত্তি হওয়ার পরও একটি রাজনৈতিক দল এটিকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটছে। এ ধরনের নোংরা রাজনীতি দেশ ও জাতির জন্য ক্ষতিকর।

তিনি আরও বলেন, পঁচা ও বিভাজনের রাজনীতি নয়—২৪-এর যুবসমাজ পরিবর্তন চায়। তারা আর বিভক্তির রাজনীতি দেখতে চায় না। নারী ইস্যুকে সামনে রেখে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

জামায়াত আমির বলেন, আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো একটি স্বাধীন ও সম্মানজনক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জুলাইয়ে যুবসমাজ বুকের রক্ত দিয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাদের সেই আত্মত্যাগের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।

তিনি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে বলেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে। সেই অর্থ গলায় হাত ঢুকিয়ে হলেও ফিরিয়ে আনা হবে। এখন আর কোনো দুর্বৃত্ত কারো ভোটে হাত দিতে পারবে না।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। জাতি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, অনেকে বলেন জামায়াতের সরকার হবে বা ইসলামি দলের সরকার হবে। আমি জামায়াতের সরকার চাই না—আমি চাই ১৮ কোটি মানুষের সরকার।

জনসভা শেষে কৃষিভিত্তিক কিশোরগঞ্জ জেলাকে শিল্পাঞ্চলে রূপান্তরসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী-পাকুন্দিয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী প্রফেসর ডা. কর্নেল জেহাদ খান, কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা, সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন ও কৃষ্ণচন্দ্র বসাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সকাল থেকেই জেলার ১৩টি উপজেলা থেকে মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।