ফেনী প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি ও ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় না এলে দেশের অবস্থা ইরাক ও সিরিয়ার মতো হয়ে যেতে পারে। বর্তমান ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে উদ্ধার করতে হলে তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। তারেক রহমান ছাড়া এ দেশ পরিচালনা করা আর কারো পক্ষে সম্ভব নয়।
সোমবার(২ ফেব্রুয়ারি)বিকেলে সোনাগাজী পৌরসভায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একটি দল নির্বাচন বানচাল করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গত ১৫–১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে। নিশিরাতের নির্বাচন করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করব এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আগামীর নেতৃত্ব নিজেরাই নির্বাচন করবে।
বিএনপি প্রার্থী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি বাংলাদেশ উল্টো পথে এগিয়ে যায়, তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। বাংলাদেশকে সেই অন্ধকার থেকে রক্ষা করতে, দেশের গতিপথ সঠিক রাখতে এবং একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে এই মুহূর্তে বিএনপিকেই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।
এর আগে সকালে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে অনুষ্ঠিত আরেক পথসভায় তিনি চরাঞ্চলের সার্বিক উন্নয়ন, কৃষি ও মৎস্যখাতের উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাখাতের প্রসার এবং নদীভাঙন রোধে মুছাপুর রেগুলেটর দ্রুত নির্মাণের আশ্বাস দেন।
পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, প্রার্থীর ছেলে তাফসির এম. আউয়াল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, বিএনপি নেতা আলমগীর হোসেন চৌধুরী, ফেনী জেলা মহিলা দলের সহসভাপতি জান্নাতুল ফেরদাউস মিতা, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল হক, আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদিসহ দলীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.