পলাশ (নরসিংদী) প্রতিনিধি
দেশবরেণ্য রাজনীতিবিদ, দৈনিক সংবাদের সাবেক সম্পাদক, ডাকসুর প্রথম ভিপি ও সাবেক সংসদ সদস্য আহমদুল কবির (মনু মিয়া)-এর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে পবিত্র কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন দৈনিক সংবাদের পক্ষে আলতামাশ কবির। এ সময় উপস্থিত ছিলেন ড. আবদুল মঈন খান, মনু মিয়া স্মৃতি সংসদের সাবেক পৌর কাউন্সিলর মো. নুরুল ইসলাম, পাঁচদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মনির হোসেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের পক্ষে দৈনিক সংবাদের প্রতিনিধি এস কে দেবনাথ (সমীর), ঘোড়াশাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. লোকমান হোসেন, ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলামসহ বিশিষ্ট সাংবাদিক কার্তিক চ্যাটার্জী, বিজয় বণিক, হিরালাল কর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের জন্মদিন উপলক্ষে কেক কাটেন ড. আবদুল মঈন খান। এ সময় তিনি কেক তুলে দেন আগত এতিম শিশুদের মুখে। হৃদয়স্পর্শী এ দৃশ্যে উপস্থিত শতশত মানুষ আবেগাপ্লুত হয়ে মরহুম আহমদুল কবির ও তাঁর পরিবারের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এদিন মরহুমের স্মরণে এলাকার শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পরে মরহুমের কন্যা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবির সার্বিক কর্মসূচির তত্ত্বাবধান করেন এবং আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানের শেষ পর্বে এলাকার সাধারণ মানুষ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বাদ আসর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এলাকার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.