হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলায় মাটিখোঁড়ার সময় মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার(৪ ফেব্রুয়ারি)সকালে উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন, বালুন্ডা গ্রামের নূরজাক সরদারের ছেলে আব্দুল কাদের (৪২), আব্দুল বারিকের ছেলে জাকির হোসেন (৪৫) এবং একই গ্রামের সুলতান আউলিয়ার ছেলে আব্দুল কাদের (৪০)। আহতদের মধ্যে জাকির হোসেন ও আব্দুল কাদেরের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুন্ডা গ্রামের ননী ঢালীর ছেলে প্রবাসী জাকির ঢালির বাড়িতে নতুন করে একটি বাথরুম নির্মাণের জন্য সেফটি ট্যাংকের গর্ত খননের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। খননকালে কোদালের আঘাতে মাটির নিচে আগে থেকে পুঁতে রাখা একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক গুরুতরভাবে আহত হন।
বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জাকির হোসেন ও আব্দুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, বসতবাড়ির কাছে এ ধরনের বিস্ফোরক থাকার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশের একটি দল এলাকায় মোতায়েন করা হয়েছে। কীভাবে ও কারা ওই বোমা সেখানে পুঁতে রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

