নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মোস্তাকিম মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম মিয়া ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এরশাদ গ্রুপ ও হানিফ মাস্টার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে ভোরের দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোলাগুলির ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় মোস্তাকিম মিয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে নিহত মোস্তাকিম কোনো গ্রুপের সঙ্গে জড়িত ছিল না বলে তার পরিবার দাবি করেছে।
নিহতের মা শাহানাজ বেগম গণমাধ্যমকে জানান, বুধবার সকাল ৬টার দিকে তিনি ঘুম থেকে উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাড়ির পাশের সড়ক দিয়ে আসা দুর্বৃত্তরা হঠাৎ করে ঘরের পাশ থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার ছেলে মোস্তাকিম গুলিবিদ্ধ হয়।
তিনি আরও জানান, তার স্বামী মাসুদ মিয়া প্রবাসে অবস্থান করছেন। তিন ছেলের মধ্যে বড় ছেলে বিদেশে কর্মরত এবং ছোট ছেলে সেনাবাহিনীতে চাকরিরত। তাদের পরিবার কোনো রাজনৈতিক বা প্রভাবশালী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার সকালে গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাকিম নামে এক কিশোরকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বাম পাশে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
রায়পুরা থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

