রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি। সেই শক্তিকে সঙ্গে নিয়েই সকল ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এ দেশের আপামর জনগণ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গৌরম্ভা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে মুখরিত জনসভায় নারী-পুরুষ নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মুজিবর রহমান জোয়ারদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শরাফত হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের জানমাল, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পূর্ণমাত্রায় নিশ্চিত করা হবে। পাশাপাশি রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠা করে দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটানো হবে।
তারা আরও বলেন, ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা গেলে সেটিই হবে এ দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত বিজয়। এ জন্য সকলের সহযোগিতা কামনা করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে লায়ন ড. শেখ ফরিদুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।
জনসভায় উপস্থিত ভোটাররা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদুল ইসলামকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

