সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগের পরিবেশ) না থাকার আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বাগেরহাট-১, ২ ও ৩ সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে এম এ এইচ সেলিম অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই বাগেরহাটের তিনটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের ইন্ধনে এবং প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার সুযোগে তাদের নেতাকর্মীরা তার নির্বাচনী কার্যক্রমে ধারাবাহিকভাবে বাধা সৃষ্টি করছে। বিভিন্ন এলাকায় তার নির্বাচনী অফিসে তালা লাগিয়ে দখল, অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি প্রচারণার মাইক ভাঙচুর, লিফলেট পুড়িয়ে দেওয়া এবং নারী-পুরুষ কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এসব ঘটনার বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে রাখালগাছী, ষাটগম্বুজ ও খানপুর ইউনিয়নে বিএনপির কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এম এ এইচ সেলিম বলেন, “২০২৪ সালের আন্দোলনের অন্যতম মূল উদ্দেশ্য ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে দেশকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে।”
তিনি বাগেরহাটে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য প্রশাসনের প্রতি সাংবাদিকদের মাধ্যমে জোর দাবি জানান। অন্যথায় নির্বাচনকে ঘিরে বাগেরহাটে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.