বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জ উপজেলায় নির্বাচনী পথসভা করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী ও আইরমারী বটতলায় পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শাহিন খানসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও কয়েক শতাধিক ভোটার পথসভায় অংশ নেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “নির্বাচনের দিন ফজরের নামাজ পড়ে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। আগে ভোট দেব, পরে ভাত খাব—এই হোক আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “দেশের প্রকৃত উন্নয়ন চাইলে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। আগামী ১২ তারিখে বিএনপিকে ভোট দিয়ে উন্নয়নের প্রমাণ আপনারাই বুঝে নেবেন।”
তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
পথসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

