Nabadhara
ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে ভাইরাল আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে জামালপুর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনি কোনো একটি স্থানে দাঁড়িয়ে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জামালপুর-১ আসনের বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে বকশীগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ১৫ জুন বকশীগঞ্জ উপজেলার ৭১ টেলিভিশনের প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু। দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ১০ জুলাই তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে কখনো আড়ালে, কখনো প্রকাশ্যে অবস্থান করেন তিনি।

পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক নাশকতা মামলায়ও অভিযুক্ত হন মাহমুদুল আলম বাবু। নির্বাচনের তফসিল ঘোষণার পর কিছুদিন নীরব থাকলেও গত এক সপ্তাহ ধরে তাকে আবার প্রকাশ্যে দেখা যাচ্ছে। প্রতীক বরাদ্দের পর হঠাৎ করে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট চাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দেয়।

ভোট চাওয়ার ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যেই অসন্তোষ দেখা দেয়। আওয়ামী লীগ নেতা হয়েও বিএনপির পক্ষে ভোট চাওয়াকে অনেক স্থানীয় বাসিন্দা স্বাভাবিকভাবে নেননি। কেউ কেউ মন্তব্য করেছেন, নিজস্ব নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থ রক্ষায় তিনি অবস্থান পরিবর্তন করছেন।

এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা বলেন, “মাহমুদুল আলম বাবু একজন সাংবাদিক হত্যা মামলার আসামি ও বিতর্কিত ব্যক্তি। তিনি বিএনপিকে বিব্রত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধানের শীষে ভোট চাইছেন। এতে ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়ছে।”

তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার গ্রেপ্তারের দাবি জানান।

ভিডিওটি ঘিরে চলমান বিতর্কে এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা বাড়ছে বলে স্থানীয়রা মনে করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।