রাসেল আহমেদ,খুলনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই এবং সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি জানান, ভোটের দিনসহ নির্বাচনকে কেন্দ্র করে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন থাকবে। এবারের নির্বাচনে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা থাকবে। নিরাপত্তা ব্যবস্থায় ডগ স্কোয়াড ও ড্রোন ব্যবহার করা হবে।
নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন এক লাখ সেনাবাহিনী, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্টগার্ড, সাড়ে তিন হাজার নেভি সদস্য, এক লাখ ৫০ হাজার পুলিশ, ৩৭ হাজার বিজিবি, নয় হাজার র্যাব এবং প্রায় পাঁচ লাখ আনসার সদস্য। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই।
নির্বাচনের পর পরিস্থিতি নিয়েও উপদেষ্টা আশাবাদী। তিনি সাংবাদিকদেরও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, দেশের স্বার্থে তারা দায়িত্বশীল সংবাদ পরিবেশন করবেন। তবে দুই-একজন মিথ্যা সংবাদ পরিবেশন করলে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে সতর্ক করেন।
এ সময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ এবং পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

