নিজস্ব সংবাদদাতা কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি
কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঘিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মাহাবুবুর রহমান লালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ (সদর কচুয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
মঘিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ওবায়দুল ইসলাম ও শিকদার মশিউর রহমান মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান সদস্য খান মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, জেলা বিএনপি সদস্য হাজারা আসাদুল ইসলাম পান্না, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোল্লা সুজাউদ্দীন সুজন, এ্যাড: অসিম জোয়ারদার, বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন চন্দ্র বাওয়ালী এবং জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার।
এসময় জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, মো: হুমায়ুন কবিরসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক জয়ী হলে কচুয়ায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আর কোনো ঠাই থাকবে না। বিএনপি আজীবন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কাজ করে আসছে এবং আগামীতেও একসাথে কাজ করবে। ধানের শীষ প্রতীক বিএনপি ও তারেক রহমানের প্রতীক। আসুন আমরা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করি এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করি। এর ফলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শহীদ বেগম খালেদা জিয়ার স্বপ্নও পূরণ হবে।”
জনসভায় উপস্থিত নেতারা নির্বাচনে বিজয়ের জন্য দলের প্রতি জনগণের সমর্থন নিশ্চিত করার আহ্বান জানান।

