ভোলা প্রতিনিধি
আসন্ন নির্বাচনে ভোলা-১ আসনের ভোটাররা এবার শুধু প্রতিশ্রুতিতে নয়, বাস্তবায়নযোগ্য উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছেন। ঘরে ঘরে গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং একটি মেডিকেল কলেজ স্থাপন—এই তিনটি দাবি পূরণে সক্ষম প্রার্থীকেই তারা ভোট দেবেন। চা-স্টল থেকে বাজার, শিক্ষাঙ্গন থেকে ব্যবসা প্রতিষ্ঠান—সবখানেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
কলেজ শিক্ষক বিল্লাল হোসেন বলেন, “আমাদের মাটির নিচে গ্যাস রয়েছে, অথচ আমরা বিদেশ থেকে এলপিজি ব্যবহার করতে বাধ্য। যিনি এই গ্যাস ব্যবহার নিশ্চিত করবেন, তাকেই আমরা সমর্থন দেব।”
জেলা শহরের প্যারাডাইস বুকডিপোর কর্ণধার ব্যবসায়ী মাহাবুব মোর্শেদ বাবুল বলেন, “ভোলা-বরিশাল সেতুর মাধ্যমে দ্বীপজেলার যোগাযোগে আমূল পরিবর্তন সম্ভব। যে প্রার্থী এই সেতু নির্মাণ করবেন, তাকেই ভোট দেব।”
একাধিকবার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, “স্বাস্থ্যসেবা এখানে অপ্রতুল। মুমূর্ষু রোগী জেলা সদর হাসপাতালে গেলে অনেককে বরিশাল বা ঢাকায় পাঠাতে হয়, পথেই মারা যায়। যে প্রার্থী মেডিকেল কলেজ স্থাপন করবেন, তাকেই ভোট দেব।”
ভোলা-১ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ (গরুর গাড়ি) এখানে বিএনপির সমর্থন পেয়েছেন। জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো. নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা) একই তিন দাবির বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এছাড়া অংশ নিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়দুর রহমান (হাতপাখা), গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির মো. আকবর হোসাইন (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আশ্রাফ আলী এবং স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.