খুলনা প্রতিনিধি
খুলনা-৪ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তেরখাদা উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, নারী সমাবেশ, নির্বাচনী সমাবেশ ও প্রচার মিছিল করেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) তিনি তেরখাদা উপজেলার আনন্দনগর, হাড়িখালী, কুশলা লস্কর বাড়ি, ইখড়ি গরুর হাট, আজগড়াসহ বিভিন্ন এলাকায় নারী সমাবেশ, গণসংযোগ, নির্বাচনী সমাবেশ ও প্রচার মিছিলে অংশ নেন।
সমাবেশে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, “১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও ৫৪ বছর পেরিয়ে গেলেও জাতির ন্যূনতম অধিকার আজও নিশ্চিত হয়নি। বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটাতে এবার জনগণ নিজের অধিকার নিজেই আদায় করে নেবে।”
তিনি বলেন, স্বাধীনতার আগে নির্যাতন ও বঞ্চনার কারণে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।
তিনি আরও বলেন, “মানুষ এখন সচেতন। এবারের নির্বাচনে তারা সৎ, যোগ্য ও আদর্শবান ব্যক্তিকেই ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমি শাসক হতে নয়, সেবক হয়ে খুলনা-৪ আসনের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই।” দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খুলনা মহানগর সভাপতি এফ এম হারুনর রশীদ, জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ যোবায়ের, খুলনা মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা শূরা সদস্য এনামুল হক, তেরখাদা উপজেলা সাধারণ সম্পাদক মো. নাহিদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়া খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.