খুলনা প্রতিনিধি
খুলনার পশ্চিম টুটপাড়া এলাকায় বন্দুকধারীদের গুলিতে রাকিব হোসেন (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার আনায়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব ঘটনাস্থলের পাশের একটি সেলুনে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর দুই যুবক তাকে সেলুন থেকে টেনে বাইরে এনে মাথায় পরপর দুটি গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রাত ১০টার দিকে কুবা মসজিদ এলাকায় গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি তাজা গুলি উদ্ধার করে। আহত রাকিবকে হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে অন্যান্য সম্ভাব্য কারণও তদন্ত করে দেখা হচ্ছে। রাকিব একটি গ্রুপের সদস্য ছিলেন বলেও জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.