তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরাম।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার তালজাঙ্গা বাজার থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রচারণা শুরু হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশ বর্তমানে গণতান্ত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কিশোরগঞ্জ-৩ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ড. এম ওসমান ফারুককে জাতীয় সংসদে পাঠানো প্রয়োজন বলে উল্লেখ করেন।
উদ্বোধনের পর ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের উদ্যোগে শতাধিক মোটরসাইকেলের একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি তালজাঙ্গা বাজার থেকে শুরু হয়ে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের সভাপতি রুবেল খন্দকার ও সাধারণ সম্পাদক আজিজ আহম্মেদ বাবুল বলেন, ধানের শীষ এ এলাকার মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। কিশোরগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং ভোটের দিন পর্যন্ত প্রচারণা আরও জোরদার করা হবে।
সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। পরিবর্তনের আশায় জনগণ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।
প্রচারণা কর্মসূচিতে ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরাম, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

