আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আগৈলঝাড়ায় পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৬ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১১টায় আগৈলঝাড়া উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে ভোটারদের অধিকার রক্ষা, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় নজরদারি এবং নির্বাচন কমিশনের বিধিমালা সম্পর্কে সম্যক ধারণা থাকা পোলিং এজেন্টদের জন্য অপরিহার্য।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, “ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্টদের সজাগ, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামে পোলিং এজেন্টরাই সম্মুখসারির সৈনিক।” তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে বিশ্বাস করে এবং ভোট যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে জন্য পোলিং এজেন্টদের আইনি ও কৌশলগত প্রশিক্ষণ জরুরি।
কর্মশালায় পোলিং এজেন্টদের ভোটগ্রহণ প্রক্রিয়া, আপত্তি উত্থাপন, ব্যালট পেপার ও ব্যালট বাক্সের নিরাপত্তা, ভোট গণনা এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন ও আচরণবিধি বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সম্ভাব্য পোলিং এজেন্টসহ বিভিন্ন পর্যায়ের দলীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.