কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, "ধানেরশীষ জিতলে বাংলাদেশ জিতবে।" তিনি আরও বলেন, বেহেশতের টিকিট বিক্রি কারীদের থেকে সাবধান থাকতে হবে। ভোটের নামে যারা বেহেশতের টিকিট বিক্রি করছেন, তাদের বেহেশতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। মিথ্যা বলার দায়ে আল্লাহ তাঁদের জাহান্নামে নিক্ষেপ করতে পারেন।
খোকন আরও বলেন, "আমি আপনাদের সন্তান। সুখে-দুঃখে সর্বদা আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।"
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মাদারীপুরের ডাসার উপজেলায় বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখ্যান করবেন। "যারা দীর্ঘদিন ধরে ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে এবং মানুষের আবেগ নিয়ে ব্যবসা করেছে, আজ তারা নতুন কৌশলে মাঠে নেমেছে। জনগণকে তাদের থেকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাই। ভোট আপনার পবিত্র আমানত। দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।"
খোকন আরো বলেন, "বাংলাদেশ এখন বিএনপি এবং তারেক রহমানের হাতেই নিরাপদ। বাংলাদেশের মানুষ এখন আর মিথ্যাচার পছন্দ করেন না। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষা করাই বিএনপির কাজ। তাই জনগণ বিএনপিতেই আস্থা রাখবেন।"
ডাসার উপজেলা বিএনপির নেতা মোঃ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ডাসার উপজেলা নেতা আব্দুস ছালাম খান, ডাসার উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শাহআলম, ডাসার উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিন সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। জনসভায় ডাসার উপজেলা বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.