বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে স্বতন্ত্র সংসদ প্রার্থী এম এ এইচ সেলিমের ডিজিটাল প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলার ভাসাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফেরার পথে বাঁধাল বাজার এলাকায় আবারও হামলার শিকার হয় প্রচারণার গাড়িটি।
স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম অভিযোগ করে বলেন, একটি পক্ষ তাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, এর আগেও তার নির্বাচনী অফিস ভাঙচুর, যাত্রাপুরের অফিসে তালা দেওয়া এবং প্রচারণায় বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানালেও এখনো কোনো প্রতিকার পাননি বলে জানান তিনি।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

